বুধবার ৪ নভেম্বর ২০২৬

জয়দেবপুরে ইয়াবাসহ বিশ্ববিদ্যালয়ছাত্র গ্রেপ্তার

yabaগাজীপুরে ৭০ পিস ইয়াবাসহ পারভেজ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবকে বলেছে, সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১ এর একটি দল জেলার জয়দেবপুরে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে গাজীপুরের জয়দেবপুরস্থ শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রি করছে। এই সংবাদের ভিত্তিতে দলটি সেখান থেকে পারভেজকে ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ বলেছে, সে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বর্তমানে আইকন ট্রাভেলসে কর্মরত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে দেশী-বিদেশী পর্যটকদের গাইডার হিসেবে নিয়োজিত থেকে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। সে দীর্ঘদিন যাবৎ দেশী-বিদেশী পর্যটক ও সাধারণ মানুষের কাছে মাদকদ্রব্য বিক্রি করত বলে স্বীকার করেছে।

র‌্যাব সূত্র জানায়, আইকন ট্রাভেলস’কে মাদক ব্যবসার মাধ্যম হিসেবে পারভেজ ব্যবহার করতো। তাকে একাধিকবার র‌্যাবের গোয়েন্দা দল মাদকদ্রব্যসহ গ্রেপ্তারের চেষ্টা করলেও সে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন