বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর সাথে ভারতের মহারাষ্টের নিম্নচাপটি মৌসুমী অক্ষের সাথে মিলিত হওয়ায় বাংলাদেশের দক্ষিণাংশে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে।
এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টি হচ্ছে নোয়াখালীর মাইজদিতে। সকাল পর্যন্ত সেখানে ১১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর ও নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


