যুগ নাকি অনেক পালটেছে। এখন নাকি কেউ আর বাড়ির লোকের কথায় ওঠবস করে না। নিজের মর্জিতেই চলে। বিশেষ করে বিয়েশাদির ব্যাপারে পুরোটাই নিজের মত খাটিয়ে দেয়। সবাই মানলে ভালো, না হলে কাউকে কেয়ার করে না। আফটার অল লাইফটা তো নিজের!
সেসব দেখে আগের প্রজন্মের সব্বাই কটাক্ষ করে। বলে, এখন তো কারোর বিয়ে দেওয়া হয় না। ছেলেমেয়েরা নিজেরাই দেখেশুনে বিয়ে করে নেয়। তা বেশ! কিন্তু এরই মধ্যে কেউ কেউ আছে, যারা আর যাই করুক না কেন, বিয়েটা করে বাড়ির লোকের পছন্দেই। বিশেষ করে মেয়েরা। প্রেম, ভালোবাসা, স্বাধীন জীবনযাত্রা – সবকিছুকে ছাপিয়ে যায় ওই একটা সিদ্ধান্ত – সম্বন্ধ করে বিয়ে! বাবা-মাকেই জীবনসঙ্গী খুঁজে দেওয়ার দায়িত্বভার তুলে দেয় বাড়ির গুড গার্ল। কিন্তু কেন এই সেকেলে সিদ্ধান্ত, জেনে নিন –
১. প্রেমিকের সঙ্গে ব্রেকআপ, চলল অন্য কারোর গলায় মালা দিতে
– কোনও ছেলের সঙ্গে অনেকদিনের সম্পর্ক ছিল হয়তো। ছাড়াছাড়ি হয়েছে। আর জোড়া লাগবে না। তাই রাগে দুঃখে বাবার পায়ে লুটিয়ে পড়ল মেয়ে। যাকে ধরে এনে দেবে, তার গলাতেই মালা পরিয়ে দেবে।
২. কোনও কিছুতেই কোনও বিকার নেই যেন
– গতে বাঁধা জীবন। ঢিমে তালে চলছে। বাড়ির অতি বাধ্য মেয়ে। সাত চড়ে রা কাটে না। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। রান্নাবান্নায় পটীয়সী । ঘর কন্যায় নিঁপুণা। সে জানে, তার জন্মই হয়েছে পরের বাড়ি যাওয়ার জন্য। বাবা-মা যেখানে বলবে, যার সঙ্গে বলবে, তাকেই স্বামীরূপে মেনে নেবে।
৩. প্রেম করবে ১০টা, বিয়ে করবে অ্যারেঞ্জড্
– প্রেম করার বেলায় অনেক ছেলেকেই প্রশ্রয় দেয় মেয়েরা। কিন্তু বিয়ে করার কথা উঠলেই পিছিয়ে যায়। সে দায়িত্ব বাবা-মায়ের। ভালো পাত্র দেখে বাবাই মেয়েকে পাত্রস্থ করবে। আসল বিষয়টা হল অন্য। মেয়ে নিজের কাঁধে দায় নিতে চায় না। প্রেম করে বিয়ে করলে যদি পরবর্তী জীবন সুখের না হয়, তা হলে দুষবে কাকে?
৪.জীবনে আর কিছু করার নেই
– ক্যারিয়ার ক্যারিয়ার করে প্রেমটাই করা হল না মেয়ের। এদিকে ক্যারিয়ারেও তেমন কিছু করে উঠতে পারল না। এদিকে বয়স বেড়েই চলেছে। কী করণীয়? অতএব বিয়ে করে নেওয়াই ভালো। বাবা-মাকে তলব, “ছেলে দেখো!”
৫. প্রচুর আড়ম্বর
– হতেই পারে মেয়ে যাকে পছন্দ করে নিয়ে এল ঘরে, মন থেকে সেই ছেলেকে মেনেই নিতে পারছে না বাড়ির লোক। তাই বিয়েটাও কেমন যেন ম্যাড়মেড়েভাবে আয়োজন করল তারা। বাবার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। মায়ের মুখও হাঁড়ি। কিন্তু ছেলে যদি বাড়ির পছন্দের হয় বিয়েটা জমে যাবে। সেই আশাতেও অনেক মেয়ে অ্যারেঞ্জড্ ম্যারেজই বেছে নেয়।
লাইফ স্টাইল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


