পুলিশের ভারপ্রাপ্ত আইজি মোখলেসুর রহমান বলেছেন, টাঙ্গাইলের কালিহাতীর ঘটনায় পুলিশের ব্যর্থতা খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো উস্কানি ছিল কি-না তাও দেখা হবে। আরো বলেন,
মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত আইজি বলেন, ঈদ উপলক্ষে রাজধানীতে ৭ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের সময় কোরবানির হাট, কেনাকাটা ও বাজারসহ বিভিন্ন স্থানে মানুষের স্বস্তির জন্য সাদা পোশাকেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবেন। নিরাপত্তা জোরদার করায় আইনশৃঙ্খলা অনেকটা রক্ষা পাচ্ছে।
উল্লেখ্য, মা-ছেলেকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে গত শুক্রবার উপজেলা সদরে বিক্ষোভ করে কালিহাতী ও ঘাটাইলের মানুষ। পরে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হন।


