বুধবার ৪ নভেম্বর ২০২৬

রায়ের খসড়া ফাঁস: সাকা’র স্ত্রী-ছেলেদের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

ICT_Newsworldbdমানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায়ে দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলার অভিযোগ গঠনের শুনানি ষষ্ঠ বারের মতো পেছাল।

রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলমের আদালতে এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তাঁদের পক্ষের আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ অক্টোবর অভিযোগ গঠনের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।

সাত আসামির মধ্যে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী জামিনে রয়েছেন। সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম, সাকা চৌধুরীর ব্যবস্থাপক মাহবুবুল আহসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন কারাগারে আটক আছেন। অন্যদিকে আইনজীবী ফখরুলের সহকারী মেহেদী হাসান পলাতক রয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান।

রায় ঘোষণার পরের দিন গত বছরের ২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা করেন।

অন্যদিকে একই বছরের ৪ অক্টোবর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় আরেকটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০১৪ সালের ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. শাহজাহান ব্যারিস্টার ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন