দেশের দক্ষিনাঞ্চলে জার্মান অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে তিনদিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। সফরকালে তারা ঢাকায় ফ্রান্স ও জার্মানির ‘যৌথ দূতাবাস’ উদ্বোধন করবেন।
সরকারি সূত্রে জানা যায়, দুই পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সকাল ৮টা ৫০ মিনিটে পটুয়াখালীর উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওয়ানা হবেন। সেখানে তারা বারি লেবুখালী রিজিওনাল হর্টিকালচার রিসার্চ সেন্টার পরিদর্শন করবেন এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রতিক্রিয়ার শিকার উপকূলীয় অঞ্চলের কৃষকদের সাথে মত বিনিময় করবেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় হাকতুল্লা ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও পটুয়াখালীতে তারা স্থানীয় স্বেচ্ছাসেবী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে বৈঠক করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় দুই বিদেশী অতিথির সাথে থাকবেন।


