আগামী বছরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। লন্ডন সফরে দলীয় নেতৃবৃন্দকে এমন আশাবাদের কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নিশ্চিত করে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানিয়েছেন, চোখের চিকিৎসার জন্য লন্ডনে এসে প্রথম দুইদিন তারেক রহমানের বাসায় পারিবারিক আবহে সময় কাটানো পর, গত শুক্রবার থেকে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা শুরু করেন খালেদা জিয়া।
এসব আলোচনায় তিনি বিদেশে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করার নির্দেশ দেন। পাশাপাশি গুম ও খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সচেতনতা সৃষ্টির জন্য যুক্তরাজ্য বিএনপিকে আরো সক্রিয় হওয়ারও পরামর্শ দেন খালেদা জিয়া।
এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর ঈদের দিন দলের নেতাকর্মী ছাড়াও কমিউনিটির সাথে সৌজন্য সাক্ষাতের কথাও রয়েছে তার। বেগম জিয়া ক্যারারি ওয়ার্ফের রেডিসন হোটেলে স্যুইট ভাড়া করলেও থাকছেন ছেলে তারেক রহমানের বাসায়।


