প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
আদালতে আবেদনের পক্ষে রিট দায়েরকারী আইনজীবী ইউনুচ আলী নিজেই শুনানি করেন। এর আগে রোববার সকালে এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুচ আলী আকন্দ।
আদেশের পরে ইউনুচ আলী আকন্দ বলেন, ইতোমধ্যে ওই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই, আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।
ইউনুচ আলী জানান, যে প্রশ্নে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তিপরীক্ষা হয়েছে, তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে। এ কারণে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পরবর্তীতে নতুন করে ভর্তিপরীক্ষা নিতে রিটটি দায়ের করা হয়েছিল।
১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার ফলাফল রোববার দুপুরে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই ফলাফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছেন ৫৮ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী। এবার ভর্তিযোগ্য শিক্ষাথীর সংখ্যা ৪৮ হাজার ৪শ ৪৮জন।


