বুধবার ৪ নভেম্বর ২০২৬

কালিহাতীকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

bnp logoটাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিবর্ষণে চার জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। এ ঘটনার নিন্দা জানিয়ে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, টাঙ্গাইলের ঘটনায় স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এসময় ‍টাঙ্গাইলে পুলিশ প্রবিধান মেনে গুলিবর্ষণ করেনি বলেও অভিযোগ করেন তিনি

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান রিপন।

গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে আসাদুজ্জামান রিপন বলেন, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই গণমাধ্যমের কণ্ঠ আরও বেশি করে রোধ করা হচ্ছে। এছাড়া অাইসিটি অ্যাক্টকে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী উল্লেখ করে এর বিতর্কিত ধারা বাতিলের দাবি জানান তিনি।

তিনি বলেন, সোস্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণের পাশাপাশি আইসিটি আইনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি অপ্রকাশ্য বৈরী নীতি চালিয়ে যাচ্ছে সরকার। এই সরকার গণতান্ত্রিকও নয়, সামরিকও নয়। গণমাধ্যমের ওপর তাদের বৈরী নীতি ক্রমেই দৃশ্যমান হয়ে উঠেছে।

সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে মামলা দায়েরের প্রসঙ্গটি উল্লেখ করে রিপন বলেন, বিভিন্ন উপলক্ষ সামনে রেখে সাংবাদিক, সম্পাদকদের বিরুদ্ধে মানহানির মামলা দেয়া হচ্ছে।

বিএনপির এই ‍মুখপাত্র আরো অভিযোগ করেন, প্রথম আলো ডেইলি স্টার যদিও কোনো অভিযোগ করেনি তবে একজন পাঠক হিসেবে আমরা দেখি গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আর ওই দুই পত্রিকায় প্রকাশ হচ্ছে না। বিজ্ঞাপন বন্ধের মাধ্যমে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে।

আরও পড়ুন