বুধবার ৪ নভেম্বর ২০২৬

পায়রা বন্দর: জমি অধিগ্রহণের ৬০ দিনের মধ্যে মালিকদের ক্ষতিপূরণ

মন্ত্রীসভাদ্রুত ক্ষতিপূরণ দেওয়ার বিধান রেখে পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন ২০১৫ এর নীতিগত ও ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এক্ষেত্রে বিশেষ বিধানের আলোকে কাজ করা হবে। প্রত্যাশিত সংস্থার কাছ থেকে অর্থপ্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের।

তিনি বলেন, নোটিশ হওয়ার পরেই এসব জায়গার ভিডিও ফুটেজ নেওয়া হবে। এর ভিত্তিতেই জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কোনো মামলা হলে এর নিষ্পত্তিও করা হবে ভিডিও ফুটেজ দেখে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত হলেই কিছু অসাধু ব্যক্তি এক জমিকে অন্য জমিতে রূপান্তরের চেষ্টা বা কৃষি জমিকে শিল্প প্লট হিসেবে দেখানোর চেষ্টা করে থাকে, এদের কোনো ক্ষতি পূরণ দেওয়া হবে না। ক্ষতি দাবি করলে তা প্রত্যাখ্যান করবেন ডেপুটি কমিশনার। এক্ষেত্রে ৭ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল করার ৫ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থাও করা হবে। অসাধু ব্যক্তিকে এক্ষেত্রে নিজ উদ্যোগে জমির স্থাপনা অপসারণ করতে হবে, তা না হলে নিলামের মাধ্যমে সে সকল স্থাপনা অপসারণ করা হবে।

আরও পড়ুন