বুধবার ৪ নভেম্বর ২০২৬

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় পত্রিকার সম্পাদক কারাগারে

CTG-KABIRতথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দীকিকে সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।

কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট শিল্পপতি খলিলুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার দায়ে ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সোমবার চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপুর আদালত তা নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শিল্পপতি খলিলুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ তুলে গত ২৪, ২৫ ও ২৮ জুন দৈনিক সাঙ্গু পত্রিকায় তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়।

গত ২৪ আগস্ট কবির হোসেন সিদ্দিকীসহ ৩ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ধারায় নালিশী মামলা হয়। আদালত বায়েজিদ বোস্তামি থানার ওসিকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন, সাঙ্গুর বার্তা সম্পাদক বদরুল ইসলাম মাসুদ ও প্রধান প্রতিবেদক চম্পক চক্রবর্তী।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার (এসি প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাঙ্গু পত্রিকার সম্পাদক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এদিকে আইসিটি এ্যাক্টে সাংবাদিক কবীরকে জেল হাজতে পাঠানোর ঘটনায় বান্দরবান জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম সম্রাট ও বান্দরবান টিভি রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা কবীরের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

এর আগে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টের ৫৭ ধারায় ফরিদপুরে মামলা হয়। গত ১৬ আগস্ট সন্ধ্যায় ঢাকায় তার উত্তরাধিকার-৭১ কার্যালয় থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যাওয়ার পর ওইদিন রাত ১১টায় তার বিরুদ্ধে মামলা হয়। পরের দিন তাকে হাতকড়া পরিয়ে রিমান্ডে নেওয়া হয়। দেশব্যাপী প্রতিবাদের মুখে ১৭ আগস্ট তার জামিন দেওয়া হয়।

এ ছাড়া্ ১৮ আগস্ট ঢাকা থেকে বিএনপির কর্মসূচিতে গাড়ি পোড়ানোর মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে, একাংশ) সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়। তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন। আর জামিনে থাকা প্রবীর সিকদারের পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন