অষ্টম শ্রেণির এক ছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ইন্টারনেটে প্রচার করার অভিযোগে বগুড়ার ধুনটে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় আটটি মোবাইল ফোন জব্দ করেছে কিন্তু কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর মেয়েটি স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে অশ্লীল ভিডিও চিত্র ইন্টারনেটে ছাড়া হয়েছে। স্কুলছাত্রীর বাবার অভিযোগটি তদন্ত করে অশ্লীল ভিডিওচিত্র উদ্ধারের জন্য ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে সোমবার রাতে বিষয়টি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার রানা (২৫), হাসান ফেরদৌস (২৩), মানিক মিয়া (২৫) নামের তিন যুবক বিদ্যালয়ে যাতায়াতের পথে ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন। ঘটনাটি তাঁদের পরিবারের কাছে জানান ছাত্রীর বাবা। এতে তাঁরা আরও ক্ষিপ্ত হন। তাঁরা ওই ছাত্রীর ছবি সংগ্রহ করে ভিডিও তৈরি করে ইন্টারনেটে প্রচার করেন।
এ ঘটনায় ছাত্রীর বাবা ওই তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
১৬ সেপ্টেম্বর ধুনট থানা থেকে ঘটনা তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। অভিযুক্ত রানাসহ আট যুবকের কাছ থেকে আটটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। সোমবার রাতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী বলেন, ভিডিওচিত্র ইন্টারনেটে প্রচারের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য উভয় পরিবারকে নিয়ে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু বিষয়টি সমঝোতা না হওয়ায় ছাত্রীর বাবাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।


