একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ১৪ হাজার ১১৭টি মোবাইল সিম কার্ড নিবন্ধন করা হয়েছে। চলমান সিমের নিবন্ধন যাচাই-বাছাই প্রক্রিয়ায় এ তথ্য পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে সিম নিবন্ধনের চলমান কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সোমবার পর্যন্ত অপারেটররা গ্রাহকদের যে তথ্য দিয়েছে- তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী তারানা হালিম। বলেন, এমন আরও তিনটি এনআইডি পাওয়া গেছে যেগুলোর বিপরীতে ১১ হাজার ৮৬৬, ১১ হাজার ৩২৮ ও ৬ হাজার ১৭৯টি সিমের নিবন্ধন হয়েছে। এর মধ্যে বিভিন্ন অপারেটরের সিম রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত এনআইডির কাছে এক কোটি সিমের নিবন্ধন তথ্য জমা দিয়েছে মোবাইল অপারেটররা। এর মধ্যে গ্রামীণফোন ২২ লাখ, বাংলালিংক ২৩ লাখ ৫৫ হাজার, রবি ১৮ লাখ, টেলিটক ১৬ লাখ, এয়ারটেল ১৪ লাখ, সিটিসেল ৪ লাখ সিমের নিবন্ধন তথ্য জমা দিয়েছে। দেশে বর্তমানে চালু থাকা মোট ১২ কোটি ৮৭ লাখ সিমের বিপরীতে প্রায় আট শতাংশ সিমের তথ্য পাওয়া গেছে।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, যে এক কোটি সিমের তথ্য জমা পড়েছে এর মধ্যে ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম সঠিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে। আর বাকি ৭৫ লাখের ওপর সিম সঠিকভাবে নিবন্ধন করা হয়নি।


