বগুড়ার আদমদীঘিতে ইয়াবা-হেরোইনসহ কাশেম আলী (৫৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার দুপুরে বগুড়া-সান্তাহার বাইপাস সড়কের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুগিনদিপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরেফা খাতুন। জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশেম আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইন এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। আটকের পর মালামালসহ কাশেম আলীকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আরেফা খাতুন।
আটক কাশেম আলী এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন বলে জানান কমান্ডার আরেফা খাতুন।


