বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শাহজাহান মাহমুদ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
শাহজাহানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২০১৮ সালের ১১ মে পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়েছে।
শাহজাহান মাহমুদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ছিলেন, তার জন্মস্থান রংপুরে। পড়াশোনা শেষ করে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। এরপর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানেই স্থায়ী হন।
এর আগে অন্য এক আদেশে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সিনিয়র সচিব ইকবাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ইকবাল মাহমুদ গত ২৫ আগস্ট চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন, যদিও বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ না হওয়ায় তিনি এখনো যোগ দেননি। বিটিআরসির বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের মেয়াদ শেষ হচ্ছে ২২ অক্টোবর। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ সচিব বোসকে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৯ নভেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যান। তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন।


