বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ থেকে ১৫ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

Hilsha_ইলিশ রক্ষায় ডিম ছাড়ার প্রধান প্রজনন মৌসুমে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ১৫ দিন (৯ অক্টোবর পর্যন্ত) ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

অন্যান্য বছর এ সময় ১১ দিন হলেও এবার ১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন এ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) সংশোধন করে এ সময় ৪ দিন বাড়ানো হয়েছে।

আগের নিয়ম অনুযায়ী, চন্দ্রমাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে প্রতি বছর আশ্বিনী প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকত।

এ বছর আশ্বিনী পূর্ণিমার দিন ও এর আগে তিন দিন ছাড়াও পূর্ণিমার পর ১১ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অন্যান্য বছর নিষিদ্ধের সময় ১১ দিন পর মা ইলিশ মাছ সমুদ্রে ফিরে যাওয়ার সময় ধরা পড়ত। এজন্য এ সময় চারদিন বাড়ানো হয়েছে।

মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ-বাহিনী, স্থানীয় প্রশাসন, র‌্যাব, পুলিশের সমন্বয়ে ইলিশ মাছ ধরা ও বেচাকেনা প্রতিরোধ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

এছাড়া মা মাছ রক্ষায় মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য এ ১৫ দিন ইলিশ সমৃদ্ধ জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সরকার নির্ধারিত ১৫ দিন ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্য করলে এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা গুণতে হয়। তবে এর পরে প্রত্যেকবার অপরাধের জন্য দ্বিগুণ হারে শাস্তি ভোগ করতে হয়।

আরও পড়ুন