ঢাকার ধামরাই উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। আজ শনিবার দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরার কেলিয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী আছেন। গুরুতর আহত ২০ জনকে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অপূর্ব কুমার জানান, দুপুর দেড়টার দিকে ঢাকাগামী সাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুরগামী এনএন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোরীসহ দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন।
হতাহতরা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এদিকে পুলিশ জানায়, সকালে উপজেলার ইসলামপুরে বাসচাপায় এক রিকশাচালক মারা যান। তবে তাঁর নাম জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে ধামরাই থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।


