প্রথম ফিরতি হজ ফ্লাইট নির্ধারিত সময়ে আসেনি। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে প্রথম ফিরতি হজ ফ্লাইটটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা ছিল।
বিমানের জনসংযোগ কর্মকর্তা তাসরিনা জানান, নির্ধারিত সময়ে প্রথম ফিরতি হজ ফ্লাইটটি আসছে না। বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে প্রথম ফিরতি হজ ফ্লাইট অবতরণ করবে। ওই ফ্লাইটে ৪১০ জন হাজি ফিরছেন বলেও জানান তিনি। তবে কি কারণে নির্ধারিত সময়ে প্রথম ফিরতি হজ ফ্লাইটি আসেনি তা জানাননি তিনি।
১ লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে।
বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্স’র ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


