বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে তাদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। আজ সোমবার ভ্রমণবিষয়ক হালনাগাদ বার্তায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দেশ দুটি তাদের নাগরিকদের ভিড় আছে—এমন পরিবেশে চলাফেরা সীমিত করার পরামর্শ দিয়েছে। এরই মধ্যে আজ সন্ধ্যায় গুলশানে ইতালির এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হন।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের নিরাপত্তার হুমকি আছে, এমন আশঙ্কায় ইতিমধ্যেই ঢাকায় আসা পিছিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট দল। গত শুক্রবার অস্ট্রেলিয়ার হালনাগাদ বার্তায় বলা হয়, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর আঘাত হানতে পারে বলে নির্ভরযোগ্য তথ্যে জানা গেছে।
আজ সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র তাঁর নাগরিকদের বাংলাদেশে ভ্রমণবিষয়ক বার্তাটি হালনাগাদ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থে আঘাত হানতে পারে বলে নির্ভরযোগ্য নতুন তথ্যে জানা গেছে। এ ধরনের হামলা ঘটলে মার্কিন নাগরিকসহ অন্য বিদেশিরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে, আন্তর্জাতিক হোটেলসহ বিভিন্ন স্থানে বিদেশিরা সমবেত হন, এমন স্থানে যাওয়া সীমিত করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য তাদের ভ্রমণবিষয়ক হালনাগাদ বার্তায় উল্লেখ করেছে, সেপ্টেম্বরের শেষ দিকে জঙ্গিরা বাংলাদেশে পশ্চিমা স্বার্থে আঘাত হানতে পারে বলে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বিদেশিরা উপস্থিত হন এমন স্থানে যুক্তরাজ্যের কর্মকর্তাদের উপস্থিতি সীমিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময় তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।


