বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশি খুন: মুখে বিচ্ছিন্ন ঘটনা বললেও অস্বস্তিতে হাসিনা সরকার

Caeser1-Newsworldbdবাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা হুমকি নিয়ে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ সরকার। বিদেশীরা জঙ্গি হামলার টার্গেট বলে আশংকা ব্যক্ত করেছে প্রভাবশালী একাধিক দেশ। দেশগুলো দাবি করছে, তাদের কাছে হুমকির বিষয়ে সুনির্দিষ্ট খবর আছে। কিন্তু তারা সরকারকে এ সংক্রান্ত কোনো তথ্যই দিচ্ছে না। সোমবার রাতে গুলশানে ইতালির নাগরিক খুন হওয়ার পর থেকে প্রভাবশালী দেশগুলো দূতাবাস ও মিশন থেকে বিবৃতি দিয়ে নিজেদের আশংকার কথা প্রচার করছে।

জঙ্গি সংগঠন আইএস সোমবার রাতেই দাবি করে তারাই সিজারি তাভেল্লাকে খুন করেছে। এদিকে মার্কিন দূতাবাস মঙ্গলবার ঐচ্ছিক ছুটি ছিল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমেরিকান ক্লাব বন্ধ করে দেয়া হয়েছে। এ হত্যাকাণ্ড এবং প্রভাবশালী দেশগুলোর আশংকাই সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইতালির নাগরিক খুনের সঙ্গে আইএসের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলে উল্লেখ করেন তিনি। বিদেশী নাগরিক ও তাদের স্বার্থের ওপর জঙ্গি হামলা বিষয়ে কোনো হুমকি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃংখলা বাহিনীর কাছে এ ধরনের কোনো তথ্য নেই। সম্প্রতি জঙ্গি হামলার আশংকায় বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের সফর স্থগিত করে। তাদের কাছ থেকে এ ধরনের হামলার বিষয়ে বাংলাদেশ কিছু জানতে পেরেছে কিনা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু তারা কিছুই জানাতে চায়নি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, বাংলাদেশসহ ১০১টি দেশে জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেট রয়েছে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থে জঙ্গিরা হামলা করতে পারে বলে শুক্রবার আশংকা প্রকাশ করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর। এরপরই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়ে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে আসে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। তারা ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃংখলা বাহিনী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হয়। প্রতিনিধি দলটি এ বিষয়ে তাদের মত জানাবে এমন ধারণা করা হচ্ছিল।

ঠিক এমন সময় ইতালির সাহায্যকর্মী সিজারি তাভেল্লা খুন হন। এরপর দলটি কোনো সিদ্ধান্ত না জানিয়েই বাংলাদেশ ত্যাগ করে।

এ ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানায়, অস্ট্রেলিয়া তাদের আগের অবস্থানে স্থির আছে। ‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের কূটনৈতিকপাড়ায় সিজারি তাভেল্লা নামে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। ফলে আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে আসন্ন সিরিজটি। দ্য গার্ডিয়ান বলেছে, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী হামলার আশংকা করা হয়। ফলে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হয়ে যেতে পারে।

এদিকে ইতালির এই সাহায্যকর্মী নিহত হওয়ার পর যুক্তরাজ্য বলেছে, বাংলাদেশে পশ্চিমা স্বার্থে হামলা হতে পারে। এমন নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে আছে। ইতালির নাগরিক হত্যার ঘটনায় কূটনৈতিক মহলে নিন্দার ঝড় বইছে। ইইউ ও যুক্তরাজ্য এ বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ বাংলাদেশে তাদের দেশের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার রীতিমতো বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে।

জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির একজন নাগরিক খুন হয়েছেন। এ বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর অবগত আছে। আমরা নিহতের পরিবারবর্গ, বন্ধুবান্ধব ও ইতালির প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেছে। এই তথ্য মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই হামলা এবং বাংলাদেশের প্রতি অব্যাহত হুমকির বিষয় নিয়ে বাংলাদেশের সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্যে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উগ্রবাদবিরোধী লড়াইয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী অংশীদার হিসেবে বিবেচনা করে।’ ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাস ইতালির নাগরিক খুনের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

ইতালির নাগরিক সিজারি তেভেল্লা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়ারে মায়াডোন। মঙ্গলবার ঢাকায় ইইউ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ঢাকায় নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিওতে কর্মরত ইতালীয় সাহায্য কর্মী সিজারি তেভেল্লার বর্বর হত্যাকাণ্ডে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াডোন হতাশা ব্যক্ত করেছেন। তিনি অপরাধীদের বিচার করারও দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সিজারি তাভেল্লা হতদরিদ্র মানুষদের সহায়তা করতে এসেছিলেন। তার ওপর এই অপরাধ ঘটনাকে আরও অনেক বেশি ভয়াবহ করেছে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ইতালীয় সাহায্য কর্মী সিজারি তেভেল্লাকে সহিংস হত্যাকাণ্ডে তিনি ক্ষুব্ধ। এটা হল একজন সাহায্য কর্মী যিনি বাংলাদেশের জনগণের মধ্যে সবচেয়ে দুস্থ অংশের জন্য কাজ করছিলেন তার বিরুদ্ধে ভয়ঙ্কর এবং কাপুরোষিত অপরাধ। তিনি তেভেল্লার পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
অস্ট্রেলিয়া ও পশ্চিমা স্বার্থে হামলার আশঙ্কার মাধ্যমে নিরাপত্তা হুমকির পর বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। মার্কিন দূতাবাসের সতর্কবার্তার আপডেটে বলা হয়, এই হামলা যুক্তরাষ্ট্রসহ অপরাপর বিদেশীদের ওপর প্রভাব ফেলতে পারে। মার্কিন সতর্কতায় বলা হয়, সন্ত্রাসী গ্রুপ দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনা, নাগরিক কিংবা স্বার্থের ওপর হামলা করতে পারে। এমন হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের সব কর্মকর্তাকে বড় ধরনের জনসমাগমস্থলে যাওয়া নিষিদ্ধ করেছে। এ ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তাদের অনুমতি ছাড়া বিদেশীরা অবাধে চলাচল করে যেমন- হোটেল, রেস্তোরাঁ এমন স্থানে যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে দ্য আমেরিকান অ্যাম্বাসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এইইএ) ব্যবস্থাপনা বিভাগ মঙ্গলবার সকালে ক্লাবের সদস্যদের প্রতি সতর্কতামূলক একটি ই-মেইল পাঠিয়েছে। আমেরিকান দূতাবাসের পাঠানো ই-মেইলে বলা হয়েছে, অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমেরিকান ক্লাব বন্ধ থাকবে।

কানাডার সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশে সন্ত্রাসের হুমকি এবং ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে তাদের দেশের নাগরিকদের সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে।

অস্ট্রেলিয়ার স্বার্থে জঙ্গি হামলা হতে পারে বলে আশংকা ব্যক্ত করেছে অস্ট্রেলিয়ার বৈদেশিক ও বাণিজ্য দফতর। এই দফতর বলেছে, ‘নির্ভরযোগ্য তথ্য মোতাবেক, জঙ্গিরা বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনা করছে।’

আরও পড়ুন