সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সিলেট বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। বুধবার এই মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণ করা হয়।
ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ করেন বলে জানান ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর। আরও বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেপ্তার ১৪ জনের মধ্যে ১৩ আসামি এবং জামিনে থাকা আটজনের সবাই আদালতে উপস্থিত ছিলেন। অপর গ্রেপ্তার আসামি সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত করা যায়নি।
আলোচিত এ মামলায় ১৭১ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে। আগামী ২১ ও ২২ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। তিন দফা তদস্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। গত ১৩ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করেন।


