সরকার শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দ্রুত বেতন কাঠামো পর্যালোচনার জন্য স্থায়ী কমিটি গঠন করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাস এবং ভর্তি পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। কমিটিও পুর্নগঠিত হয়েছে। শিক্ষকদের অসন্তোষ বা উত্তেজনা থাকার কোনো কারণ নেই। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের স্বার্থ দেখছে। উত্তেজনা না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যান।
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এ আন্দোলনের জন্য শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়কে দায়ী করার বিষয়ে নাহিদ বলেন, বড় বড় ব্যক্তিরা আমাদের, এমনকি আমার নাম বলছে। তারা জানেন না এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। এটার জন্য আমাদের দায়ী করার কোনো কারণ নেই। শিক্ষকরা বলছেন ক্লাস-পরীক্ষা নেবেন না, এটা যুক্তিযুক্ত নয়। নিয়মিত কার্যক্রম চালিয়ে যান বলে তাদের অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


