অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল কেন বাংলাদেশে তাদের নির্ধারিত সফরে কেন আসছে না- তা সরকারের কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে সরকারপ্রধান বলেন, আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় যে, কেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে আসছে না। তবে বিষয়টি নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা এখনও চলছে বলে জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।
শেখ হাসিনা বলেন, ‘অতীতে আমরা এই ধরণের পরিস্থিতি দেখেছি। পাকিস্তান ও ভারতের দল বাংলাদেশে খেলেছে। এমনকি, বিশ্বকাপ ক্রিকেট খেলাও এখানে আয়োজন করা হয়েছে। এটি নিতান্তই অস্ট্রেলিয়ার ব্যাপার যে, তারা কেন হঠাৎ করে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, অতীতে পূর্ণ নিরাপত্তা দিয়ে বেশ কয়েকটি ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ। কিন্তু কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত করার যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার ও সংশ্লিষ্টদের রয়েছে এবং আমাদের জনগণও এ ব্যাপারে খুবই সচেতন।
উল্লেখ্য, দুটি টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার বাংলাদেশের পথে যাত্রা করার কথা ছিল অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের। কিন্তু সম্ভাব্য ‘নিরাপত্তা ঝুঁকি’ সম্পর্কে সতর্কবার্তার কারণে তাদেরকে যাত্রা না করার পরামর্শ দেয় অস্ট্রেলিয়ার সরকার। শিডিউল অনুযায়ী ৯ অক্টোবর প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট ঢাকায় ১৭ অক্টোবর শুরু হওয়ার কথা ছিলো।


