রাজধানীর বনানীতে ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিক প্রেমিকের হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে নির্যাতনের শিকার তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান বনানী থানার এসআই সুজন। ওই তরুণী পরিবারের সঙ্গে কড়াইল বস্তিতে থাকতেন।
হাসপাতালে সাংবাদিকদের কাছে ওই তরুণী জানান, কিছুদিন আগে সবুজ নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও হয়। সেই সম্পর্কের সূত্র ধরে গত ২৩ সেপ্টেম্বর ওই কিশোরীকে সবুজের বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে। সন্ধ্যায় ছেড়ে দেওয়ার আগে সবুজ ওই কিশোরীকে কোরআন শরীফ ছুঁইয়ে কসম করিয়ে বলে, “তুমি এই ঘটনা কাউকে বলবে না। আমরা তো বিয়েই করবো। সমস্যা কি?”
পরে চলতি সপ্তাহে সবুজকে বিয়ের প্রস্তাব দিলে, সে তা প্রত্যাখান করে। এরপর ওই তরুণী তার মা ও বাবাকে ঘটনা খুলে বললে তারা বনানী থানায় মামলা করতে যায়। থানার এসআই সুজন তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে যান। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর মামলা দায়ের করা হবে বলে জানান এসআই সুজন।


