ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরকান্দা-পুরাপাড়া আঞ্চলিক সড়কের বনগ্রাম বাজারের কাছে এ দুর্ঘটনায় গুরুতর আহত একই মোটরসাইকেলের আরোহী রাজিবকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলো- উপজেলার বড় পাইককান্দি গ্রামের আকবর মাতুব্বরের পুত্র ইব্রাহিম মাতুব্বর (১৮) ও একই গ্রামের রহমান খাঁ এর পুত্র ইসমাইল খাঁ (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহত তিনজন মোটরসাইকেল নিয়ে বনগ্রাম থেকে নগরকান্দা যাচ্ছিলো। নগরকান্দা থেকে পুরাপাড়া যাওয়ার পথে মালবাহী ট্রাকটি বনগ্রাম বাজারের কাছে মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়।
ফরিরদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি দাস শুভ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাজিবকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসারউদ্দিন খবরটি নিশ্চিত করেছেন।


