বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নেতারাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: হুদা

আওয়ামী লীগের নেতাকর্মীরাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এমন মন্তব্য বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, শুধু যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে আগাছা নেই, ব্যবসায়ীদের মধ্যেও আগাছা রয়েছে। এসব আগাছাকে চিহ্নিত করে পরিষ্কার করতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধো আইনজীবী পরিষদের আয়োজনে মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মবার্ষিকী ও বিশ্ব অহিংস দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

দক্ষহাতে দেশ পরিচালনা ও জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসায় ভাসান বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা। বলেন, দেশ পরিচালনায় শেখ হাসিনার দক্ষতায় আমি মুগ্ধ। প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড আজ দৃশ্যমান। ঢাকায় বড় বড় ফ্লাইওভার হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পক্ষেই এসব অর্জন করা সম্ভব হয়েছে।

হুদা বলেন, আমি আজকে শেখ হাসিনার বন্দনার জন্য দাঁড়াইনি, যা সত্যি তাই বলছি। বাংলাদেশ শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনা সহিংস আন্দোলনের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করেছেন। প্রধানমন্ত্রী বিদেশ থেকে বড় বড় সম্মাননা পেয়েছেন, তিনি আজ সবার ওপরে।

সুষ্ঠু নির্বাচনের দাবি করে তিনি বলেন, আমার দোহারের মতো ছোট জায়গায় ভোট ডাকাতি হয়েছে। জনগণের ক্ষমতা জনগণের হাতে নেই। শেখ হাসিনাই পারেন জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে। তিনি যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করেন, তাহলে তার সব অর্জন ম্লান হয়ে যাবে।

আরও পড়ুন