বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুই পুরস্কার নিয়ে ফিরছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা দিতে বিশাল আয়োজন

যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে যাত্রাবিরতির পর দুপুর দেড়টায় প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পদক চ্যাম্পিয়নস অব দ্য আর্থ অর্জন করায় বিমানবন্দর থেকে শুরু করে গণভবনে ফেরার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাকে সংবর্ধনা দেয়া হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে লন্ডন হয়ে ২৩ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে পৌঁছান শেখ হাসিনা। সেখানে ২৮ সেপ্টেম্বর তাকে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার দেয়া হয়। এছাড়া তিনি আইসিটিবিষয়ক আরও একটি পুরস্কার পান।

আজ  বেলা ১১টা ৫০ মিনিটে তিনি সিলেটে পৌঁছবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বঙ্গবন্ধুকন্যা। সেখান থেকে তিনি গণভবেন যাবেন। আর যাওয়ার সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় দলটির যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফকে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দলের সহযোগী সংগঠন, ঢাকা মহানগর আওয়ামী লীগ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও রূপগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকাসহ এসব এলাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে যৌথসভা করেছেন। এছাড়া বিশেষ বর্ধিত সভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সাতটি রুটে রাস্তার দুপাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পীসহ পেশাজীবী এবং সর্বসাধারণকে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পুরো রাস্তায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে একটি খোলা জিপে কয়েকজন নেতা থাকবেন সার্বিক বিষয় তদারকির জন্য।

এছাড়া সাত রুটে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল করতে বিমানবন্দর থেকে গণভবন স্থানীয় সংসদ সদসদের নেতৃত্বে ১৪ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব রুটে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, জাহিদ আহসান রাসেল ও ইলিয়াস উদ্দিন মোল্লার নেতৃত্বে বিমানবন্দও থেকে খিলক্ষেত; রাশেদ খান মেনন, একেএম রহমত উল্লাহ ও সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে খিলক্ষেত থেকে কুড়িল ফ্লাইওভার; হাবিবুর রহমান মোল্লা ও সানজিদা খানমের নেতৃত্বে কুড়িল ফ্লাইওভার থেকে র‌্যাডিসন হোটেল; কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে র‌্যাডিসন হোটেল থেকে কাকলি মোড়; কাকলি মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সহযোগী সংগঠন; জাহাঙ্গীর গেট থেকে র‌্যাংগস ভবন পর্যন্ত জাহাঙ্গীর কবীর নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও হাজী মো. সেলিম এবং র‌্যাংগস ভবন থেকে গণভবন পর্যন্ত ব্যারিস্টার ফজলে নূর তাপসের নেতৃত্বে স্ব স্ব এলাকার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান নেবেন। এছাড়া ১৪ দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্পটে দাঁড়াবেন।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন