বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রেড লাইসেন্সের তুঘলকি ফি প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট

trade_licenseবলা নেই কওয়া নেই হঠাৎ করে ট্রেড লাইসেন্স ফি আকাশচুম্বি করে কয়েকশত গুণ বাড়িয়ে দেওয়া প্রতিবাদে ধর্মঘট পালন করছে খুলনার ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৬টা থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধর্মঘট শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত।

ধর্মঘটের ফলে নগরীর বড় বিপণিবিতানসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে ব্যবসায়ীদের একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (কেসিসিআই) সহসভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন খুলনা চেম্বারের পরিচালক এস এম ওবাইদুল্লাহ, হাজি মোশারেফ হোসেন, শেখ আবিদ আলী, সাইফুল ইসলাম ফকির, মো. নূরল ইসলাম কালু প্রমুখ।

সমাবেশে আবারো ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্ক্তারা বলেন, ট্রেড লাইসেন্স ফি কমানো না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে খুলনাসহ সব সিটি করপোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স ফি বাড়িয়েছে। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের দাবি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার খুলনা চেম্বারের সহসভাপতি সাইফুল ইসলাম বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন।

আরও পড়ুন