বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা বেপরোয়া হয়ে উঠেছে: বিএনপি

bnp-flagপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের আগে নির্বাচন না দেওয়ার ঘোষণা দেওয়ায় তার দলের দুর্বৃত্তরা বেপরোয়া হয়ে উঠেছে- অভিযোগ বিএনপির। দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, “শাসক দলের প্রধান বিদেশে বসে ২০১৯ সালের পূর্বে নির্বাচন নয়- একথা বলার পরে ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা আরো বেপেরোয়া হয়ে উঠেছে।”

শনিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রেক্ষাপটে রংপুরে আজ এক জাপানি নাগরিককে হত্যা করা হয়েছে। এর আগে ঢাকায় ইতালীয় নাগরিককে হত্যা করা হয়। শাসক দলের বেপরোয়া সন্ত্রাসে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে এই সংসদ ভেঙে ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে দ্রুত নিবার্চন দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিপন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয় গাইবান্ধার সুন্দরগঞ্জের ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের গুলিতে শিশু আহত হওয়ার ঘটনার নিন্দা জানান বিএনপি মুখপাত্র। বলেন, বিনা ভোটে নির্বাচিত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন প্রত্যুষে পাখি শিকারের মতো গুলি করে এক শিশুকে পঙ্গু করে দিয়েছে। কেবল তাই নয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের শাহ আলমকে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। অবিলম্বে গাইবান্ধার ওই সাংসদকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বিএনপির বক্তব্য গণমাধ্যমে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে -এমন অভিযোগ তুলে এই বিএনপি নেতা বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি- সরকারের মন্ত্রী ও তাদের ঘনিষ্ট কিছু ব্যবসায়ীর মালিকানাধীন প্রচারমাধ্যম বিরোধী দলের দেওয়া বক্তব্য-বিবৃতি বিকৃত করে প্রকাশ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা যা বলছি না, তা তারা নিজেদের মনে মাধুরী মিশিয়ে ভিন্নভাবে প্রচার করছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। আশা করব, বিরোধী দল হিসেবে যখন গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত তখন গণমাধ্যমের কাছে আমরা আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

দল পুনর্গঠন কাজে প্রতিবন্ধকতার অভিযোগ এনে রিপন বলেন, সরকার বিএনপির পুনর্গঠন কার্য্ক্রমকে বাধাগ্রস্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বিচারে ব্যবহার করছে। এর পাশাপাশি ‘দলীয় ক্যাডারদের’ নামিয়ে বিভিন্ন অঞ্চলে বিএনপির কাউন্সিলে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

“

আরও পড়ুন