জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে আরও ৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিনগত গভীর রাতে তিনজন ও শনিবার দুপুরে ৫ জনকে আটক করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন- উপজেলার আঠারবাড়ী উপজেলার আ. রশিদ, মিজানুর রহমান, পৌরসদরের দত্তপাড়ার হায়দার আলী (৩৮), নতুন বাজার সুপার মার্কেটের নাবিল টেলিকম থেকে বদিউল হাসান (২৪), হেলাল উদ্দিন (২০), জুনাঈদ (২৬), মাসুদ মিয়া (২২) ও মজিবুর রহমান (২০)।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। বলেন, আটকদের কাছ থেকে দুটি কম্পিউটার, একটি ইন্টারনেট মডেম, একটি পেনড্রাইভ, দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর আঠারবাড়ীর সোহাগী স্কুল থেকে আইএস সদস্য সন্দেহে মোল্লা ফয়সাল নামে স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ শীর্ষক একটি লিফলেটও জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা বলেন, মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়ে বিকাশ এজেন্ট হায়দার আলীকে এবং কম্পিউটার কম্পোজ, ফটোকপির বিষয়ে নাবিল টেলিকমের মালিক বদিউল হাসানকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, আটককৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্যই তাদের আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার ময়মনসিংহে আইএস সন্দেহে একজনকে আটক করে পুলিশ।


