রংপুরে নিহত হোসি কনিও জাপানি নাগরিক নয়, সে বাংলাদেশি আলু ব্যবসায়ী। এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রতিক্রিয়ায় শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
এইচটি ইমাম বলেন, “হোসি কনিও আসলে জাপানি নাগরিক নয়, সে বাংলাদেশি নাগরিক। রংপুরে সে আলু ব্যবসা করতো। এসব তথ্য আমরা সংগ্রহ করেছি।”
শনিবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসি কনিও। জাপানে থাকা ওই গ্রামের জাকারিয়া বালার দুই ভাইয়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে বাংলাদেশে আসেন কনিও। তিনি আলুটারি গ্রামে দুই একর জমি ইজারা নিয়ে ঘাসের আবাদ করছিলেন।
এদিকে এ হত্যাকাণ্ডের পর পুলিশের হাতে আটকদের একজন জাকারিয়া নিজেও সাংবাদিকদের বলেছেন, “আমি নিজেও দীর্ঘদিন জাপানে ছিলাম। আমার পরিবারের অনেকে এখনও জাপানে থাকে। সেই সূত্রে হোসি কনিও রংপুরে এসে আমার বাড়িতে ভাড়া থাকতেন।”


