হারারেতে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ডি-এল মেথডে ৫ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক জিম্বাবুয়ে। শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের সংগ্রহ ছিলো ৬ উইকেটে ২৭৬ রান। জবাবে, ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ২৫৬ রানে থাকা অবস্থায় আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে জিম্বাবুয়েকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।
টস হেরে জিম্বাবুয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি। মাত্র ২৭ রানে মাসাকাদজা ফিরে যাবার পর ব্রায়ান চারি’র সাথে ৯১ রানের জুটি গড়েন চিবাবা। ব্যক্তিগত ৯০ রানে ওয়াহাব রিয়াজের শিকার হন তিনি।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক এলটন চিগম্বুরা। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ২৭৬ রান। জবাবে, ব্যাট করতে নেমে ৭৬ রানে টপ অর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে সফরকারী পাকিস্তান।
পরে, আমের ইয়ামিনের ৬২ ও শোয়েব মালিকের অপরাজিত ৯৬ রানে ঘুরে দাড়ায় তারা। তবে, খেলার শেষ হতে ২ ওভার বাকি থাকতে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডি-এল মেথডে জিম্বাবুয়েকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


