শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও কম সময়ের মধ্যে নেয়ার উপায় খুঁজছে সরকার। রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, পরীক্ষা পদ্ধতি আমাদের জন্য একটা বিরাট সমস্যা। দেড় মাস এসএসসি, পৌনে দু’মাস এইচএসসি। এতদিন পরীক্ষার কারণে ক্লাস হয় না। এই বছর তিন মাস ধর্মঘটের জন্য ক্লাস হয়নি। তাই ছেলে-মেয়েদের রেজাল্টও খারাপ হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত কাজ শুরু করবো। কী করে কম সময়ের মধ্যে পরীক্ষা নেয়া যায় তা পরিমাপ করা হবে। আর এটা বের করবেন আমাদের এক্সপার্টরা।
চলতি বছর থেকে পাবলিক পরীক্ষায় সেরা ২০ প্রতিষ্ঠান বাতিল করা প্রসেঙ্গ মন্ত্রী বলেন, যখন দেখলাম কোনো কোনো নামধারী শিক্ষক একঘণ্টা আগে প্রশ্ন ফাঁস করে দেন, শুধু স্কুল-কলেজের নাম রক্ষার জন্য। তখন তা বন্ধ করলাম। মন্ত্রী বলেন, বেতন-ভাতা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। মঙ্গলবার এ বিষয়ে তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


