শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মর্টারশেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে শাবি ক্যাম্পাস থেকে সেবুল মিয়া (২৬) নামের ওই যুবককে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
আটক সেবুলের বরাত দিয়ে ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেবুল মর্টারশেলটি নগরীর বিমানবন্দর এলাকায় মাটি খুঁড়তে গিয়ে পেয়েছেন বলে জানিয়েছেন। শাবি ক্যাম্পাসে বিক্রির জন্য এটি নিয়ে আসেন তিনি। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
মর্টারশেলটির ওজন প্রায় ১০ কেজি। এটি মুক্তিযুদ্ধকালীন হতে পারে। তবে বিশেষজ্ঞদের দিয়ে এটি পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।


