রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসি কনিওকে হত্যার ঘটনায় অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে মামলাটি করেন কাউনিয়া থানার ওসি রেজাউল করিম।
এই ঘটনায় কাউনিয়ায় র্যাবের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে জাপান দূতাবাসের কর্মকর্তারা, চিকিৎসকসহ অপরাধ বিশেষজ্ঞ দল ও সিআইডি ক্রাইম সিন দল ঘটনাস্থলে গেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল করা হয়েছে। আলামতও সংগ্রহ করা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট আজই (রোববার) দেওয়া হবে।
শনিবার সকাল ১০টার দিকে মাহিগঞ্জের আলুতারি ও মোষআলার মোড়ের মাঝামাঝি এলাকায় হোসি কনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনজন মুখোশধারী কুনিও হোসিকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের কারও নাম এখনও মামলার এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান।


