বাবা-মায়ের সঙ্গে যশোর থেকে বাগেরহাটের রামপাল উপজেলায় বেড়াতে যাওয়া এক কিশোরীকে (১৪) তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে বখাটেরা। রোববার রাতে এ ঘটনায় রবিউল গাজী নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
রামপাল থানা পুলিশ জানায়, যশোর জেলার গাইডগাতি এলাকার জনৈক ব্যক্তি তার স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে রবিবার বাগেরহাটের রামপাল গোবিন্দপুর এলাকায় বেড়াতে যান। সেখানে ওই কিশোরীকে স্থানীয় বখাটে মোজা শেখসহ (২৮) তিন যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তারা ওই রাতেই পার্শ্ববর্তী রনসেন এলাকার তিন যুবকের কাছে ওই কিশোরীকে তুলে দিলে তারাও তাকে ধর্ষণ করে। খবর পেয়ে ফয়লাহাট পুলিশ ক্যাম্পের আইসি আলমগীর হোসেন গিয়ে রনসেন এলাকা থেকে কিশোরীকেও উদ্ধার করেন। এসময় ওই এলাকার আফজাল গাজীর ছেলে রবিউল গাজীকে আটক করেন। সোমবার সকালে পুলিশ আটক রবিউলকে রামপাল থানা পুলিশের কাছে হস্থান্তর করে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করে মামলা করেছেন। অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।


