একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর আমির আহম্মদ ওরফে আমির আলী (৬৯) ও জয়নাল আবেদীন (৭০) নামের দুই রাজাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা শহরের উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে আমির আলীকে এবং সন্ধ্যায় সদরের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন আনোয়ার জানান, “নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত মোজাফফর আহম্মদের ছেলে আমির আলী জেলার তালিকাভুক্ত ২ নম্বর রাজাকার।”
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে রাতে জেলা পুলিশ হেফাজতে রেখে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে বলে জানান এসপি।


