বাংলাদেশে অবস্থানরত প্রায় সোয়া দুই লাখ বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ জন্য বিদেশিদের অবস্থান ও কর্মস্থল চিহ্নিত করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “এদেশে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে কূটনীতিকদের জানানো হবে। দেশে অবস্থানরত প্রায় দুই লাখ ২৪ হাজার বিদেশি নাগরিকের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের বাসস্থান ও কর্মস্থল চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।”
বিদেশি কূটনীতিকদের সামনে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে প্রেস ব্রিফিংয়ে যাওয়ার আগে মঙ্গলবার মন্ত্রী এ তথ্য জানান।
ঢাকার গুলশানে কূটনীতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের যাতায়াতের পথ, বিনোদনের স্থান ও সামাজিক যোগাযোগের অবস্থানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি।”
চট্টগ্রামে অস্ত্র ও গ্রেনেডসহ পাঁচ জেএমবি জঙ্গি আটকের ঘটনা তুলে ধরে মন্ত্রী বলেন, “জঙ্গি ও সন্ত্রাসীদের ধরতে সারাদেশ অভিযান চলছে। অনলাইনে চলছে জঙ্গি কার্যক্রম মনিটরিং। বিদেশিদের নিরাপত্তা বিধানে ‘স্পেশাল টাস্ক গ্রুপ’ গঠন করা হয়েছে।”


