বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড, ছাত্রীর বাড়িতে হামলা

mobile courtব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা, এসিড ছোড়ার হুমকিসহ অপহরণ চেষ্টার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত যুবক নূর ইসলাম (৩০) সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি এলাকার দ্বীন ইসলামের ছেলে। এদিকে, নূর ইসলামকে আটকের পর তার বাবা দ্বীন ইসলামের নেতৃত্বে ওই স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন এ আদেশ দেন।

সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন নূর ইসলাম। বিষয়টি একাধিকবার তার মা-বাবাকে জানিয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রথমে তার সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। এতে স্কুলছাত্রী রাজি না হওয়ায় তার ওপর চড়াও হন বখাটে। এসময় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সবার সামেন তাকে মারধর করেন নুর। বাধ্য হয়ে ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়। পরে বিকেলে সরাইল থানার এএসআই রানা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ইউএনও’র কার্যালয়ে নিয়ে আসেন।

আরও পড়ুন