গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছেন। তার নাম আব্দুল জলিল (৪০)। তিনি উপজেলা সদরের বাড়াই পাড়া গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রিকশা নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক দিয়ে শহর থেকে দক্ষিণ বাসস্টান্ডে যাচ্ছিলেন আব্দুল জলিল। এসময় বগুড়া থেকে রংপুরগামী নাজির পরিবহনের (বগুড়া-ব-৭২৩ ) একটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।
খবরটি নিশ্চিত করছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।


