দিনাজপুর চিরিরবন্দরের বাজিতপুরে ট্রাক্টর উল্টে এক হেলপার নিহত হয়েছেন। নিহত সোহেল রানা (২৭) পার্বতীপুর উপজেলা মধ্যপাড়া ভাদুরিয়া গ্রামের এরশাদ আলীর ছেলে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবরটি নিশ্চিত করেছেন দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। জানান, বিকেলে বালু বোঝাই করে বালাপাড়া দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে হেলপার সোহেল রানা গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দিনাজপুর চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্ততি চলছে বলে জানান ওসি।


