বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল-৪ উপনির্বাচন: কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

কাদের সিদ্দিকীটাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে চিঠি দিয়েছেন জেলা নির্বাচন অফিসার। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মঙ্গলবার বিকালে কাদের সিদ্দিকীর হাতে পৌঁছানো হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনকে উপলক্ষ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সম্ভাব্য প্রার্থী কাদের সিদ্দিকী গত ১৫ সেপ্টেম্বর থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আচরণবিধি মেনে চলার জন্য এর আগে দু’দফা তাকে সতর্ক করে চিঠি দেওয়া হয়।

গত ২৭ সেপ্টেম্বর কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী তার পক্ষে একটি চিঠি গ্রহণ করেন। কিন্তু আচরণবিধি লঙ্ঘন অব্যাহত থাকে। পরে গত ৫ অক্টোবর সোমবার আরো একটি চিঠি গ্রহণ করেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।

সূত্র জানায়, এরপরও গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সূত্রে নির্বাচন কমিশন জানতে পারে ‘কাদের সিদ্দিকীর প্রচারণা যেমন চলছিল, তেমনই চলবে’ এমন নীতিতে চলছেন। এমনকি নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত চিঠিকে তিনি অবজ্ঞা করছেন। এজন্য সর্বশেষ মঙ্গলবার বিকেলে সরাসরি তার হাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্বলিত একটি চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য কাদের সিদ্দিকীর মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন