বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্যান্টিনের দখল নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ: বগুড়া মেডিকেল কলেজ বন্ধ

ছাত্রাবাসের ক্যান্টিন পরিচালনাকে কেন্দ্র করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। পরে কলেজ ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীদের বুধবার বিকাল ৪টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম আহসান হাবীব জানান। তিনি বলেন, “রাতে হোস্টেলে অপ্রীতিকর ঘটনার পর অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ালে ছয় ছাত্র আহত হয়।

“হোস্টেলের ডাইনিংয়ের কর্তৃত্ব নিয়ে তাদের বিরোধ ছিল। রাতেই কলেজে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ বিষয়ে কথা বলার জন্য কলেজ ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের ফোনে পাওয়া যায়নি।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, “দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল; সমঝোতার চেষ্টা হচ্ছে।”

এর আগে গত ৪ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষের কারণে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন