নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক কর্মকর্তা ও সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার সকালে মুখ্য বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে তারেক সাঈদের জামিন চান পাঁচ আইনজীবী। আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে সকাল ৯টার দিকে র্যাবের তিন কর্মকর্তাসহ ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত মামলার পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেন ৯ নভেম্বর।
মামলায় সরকারপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ফজলুর রহমান জানান, নিয়মিত হাজিরার অংশ হিসেবে সকাল ৯টার দিকে আসামিদের হাজির করা হয় সিনিয়র ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে। সাত খুনের অন্যতম প্রধান আসামি সাবেক তারেক সাঈদ মোহাম্মদের জামিন আবেদন করেন ঢাকা থেকে আসা পাঁচ আইনজীবী। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা লেফটেন্যান্ট কর্নেল তারেক।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ মামলায় ৩৫ আসামির মধ্যে ১৩ জন পলাতক রয়েছে।


