বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বিদেশী হত্যায় বিরোধীদলকে জড়ানোর অপপ্রচারে সরকার’

BNP-Fakhrulবিদেশী নাগরিক হত্যাকাণ্ডে তদন্ত না করেই সরকার বিরোধীদলকে এ ঘটনায় সম্পৃক্ত করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে দেওয়া বুধবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত বিস্ময় এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি ইতালী ও জাপানী নাগরিকের নৃশংস, ঘৃণ্য খুনের পরপরই সরকার এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না করেই বিরোধীদলকে ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত করার জন্য অপপ্রচার শুরু করেছে। বিরোধীদল ও মতকে দমন করার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা আরোপ করছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুসহ যশোরের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসমাইল, রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুল হক লাকু, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন্নবী বিপ্লব এবং বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার ও শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

‌’সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো সুষ্ঠু তদন্ত ব্যতীতই বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের ও আন্তর্জাতিক দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে।’

ফখরুল বলেন, ‘আমরা বিদেশী নাগরিকদের ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছি এবং অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। সরকার বরাবরের মতোই তাদের ব্যর্থতা ঢাকতে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে বিরোধীদল ও মতকে দমন করতে চাইছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে যে অসহনীয় রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিরসনের কোনো উদ্যোগ না নিয়ে গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে একদলীয় শাসন পোক্ত করতে এই অপচেষ্টা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। যা সমগ্র জাতিকে অনিশ্চয়তা, অস্থিরতা এবং গভীর সংকটে ফেলছে। আমরা বারবার এই অবস্থার নিরসনের জন্য গণতান্ত্রিক পরিবেশ ও সহনশীল রাজনীতির আহ্বান জানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা অবিলম্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিয়ে বিদেশী নাগরিকসহ সম্প্রতি সংঘটিত ঘৃন্য হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন