বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেডিকেলের আন্দোলনকারীদের আশা পূরণ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

Medical_মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘অযৌক্তিক আন্দোলন করে কোনো দাবি আদায় করা যাবে না। ভুল তথ্য নিয়ে রাজপথ গরম করে যারা দাবি আদায়ের চিন্তা করছেন তাদের আশা পূরণ হবে না। তিনি বলেন, ‘মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চলছে, নতুন করে কোনো কিছুই করার সুযোগ নেই। এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই।’

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পক্ষ থেকে সচিবালয় ক্লিনিকে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এ সব কথা বলেন নাসিম।

সচিবালয়ে বুধবার দুপুরে এ এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।

এদিকে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়ে সব সড়ক বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিকেলে তাদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যায়।

এর আগে তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্লাস বর্জন এবং আন্দোলনে সংহতি প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগে অবস্থান নিয়েছেন অনেক সাধারণ শিক্ষার্থী।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ বলেন, আমাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ঢাবি ও ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা্ ক্লাস বর্জন করে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। আর আজকে (বুধবার) আমরা বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শাহবাগে অবস্থান করব।

আন্দোলনকারীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী সোনালী বলেন, তোমাদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আমরা ঢাবির সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছি। আশা করি দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে। আমরা তোমাদের সঙ্গে আছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আন্দোলনকারীদের আটকাতে ব্যারিকেড দিয়েছিলাম। কিন্তু তারা ব্যারিকেড ভেঙে শাহবাগে আবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেয়। এর ফলে এ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

এদিকে লাগাতার প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়া, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশী নির্যাতনের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মঘট কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসার অনুষদের গেটে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালাগুলো ভেঙ্গে ফেলে।

আরও পড়ুন