এসএসসির টেস্ট পরীক্ষায় ভালো ফল করতে না পারায় বাবা-মা’র বকুনি সইতে না পেরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে রুমি খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। রুমি খাতুন ওই গ্রামের শেখ রেজাউল করীমের মেয়ে ও কালিতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, রুমি খাতুন দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় ফল ভাল করতে পারেনি। এ নিয়ে তার বাবা-মা রুমিকে বকাবকি করে। মঙ্গলবার রাতে খাওয়া শেষে রুমি নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের যে কোনো সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। ভোরে পরিবারের লোকজন লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রুমির বাবা শেখ রেজাউল করীম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


