বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশি হত্যায় খালেদার সফরের যোগসূত্র থাকতে পারে: নাসিম

nasimpppবিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরের ‘যোগসূত্র’ থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বলেছেন, “অতীতে দেখা গেছে যখনই তাকে (খালেদা জিয়া) কিছু দিনের জন্য বাংলাদেশের রাজনীতিতে খুঁজে পাওয়া যায়নি, তখনই দেশে কোনো না কোনো ঘটনা ঘটেছে।”

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে নাসিম বলেন, “খালেদা লন্ডন থাক অবস্থায় কীভাবে দেশে এমন একটি চক্রান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে, বিদেশিদের হত্যা করা হচ্ছে, এ দুটির কোনো যোগসূত্র আছে কি-না… তা ভেবে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে।”

গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় সিজার তাভেল্লা নামের এক ইতালীয় এনজিওকর্মীকে গুলি করে হত্যা করা হয়। এর পাঁচ দিনের মাথায় রংপুরের এক গ্রােমে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক হোসি কনিও।

যুদ্ধাপরাধ, বঙ্গবন্ধু হত্যাসহ সব ধরনের হত্যাকাণ্ডের বিচারের মতো শেখ হাসিনার সরকারের আমলেই বিদেশি হত্যাকাণ্ডের বিচার হবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন,  এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, হত্যাকারীরা যেই হোক, তাদের বিচার হবে। কারণ শেখ হাসিনার আমলে কোনো হত্যাকাণ্ডের বিচার বন্ধ থাকে না। সবগুলো হত্যাকাণ্ডের বিচার হবে।

১৪ দলের অন্যতম শরিক গণ-আজাদী লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নাসিম।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, “আগুন সন্ত্রাস করে আপনারা ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়েছেন। লন্ডনে বসেও দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না।”

আরও পড়ুন