বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুর্নীতি মামলা: এমপি বদির আবেদন ফিরিয়ে দিলেন হাইকোর্ট

2_158491দুর্নীতির মামলা বাতিল চেয়ে কক্সবাজারের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির করা আবেদন ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। আবেদনের পক্ষে ‘যুক্তিগ্রাহ্য কারণ’ না পাওয়ায় বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীনবেঞ্চ আবেদনটি ফিরিয়ে দেন। এর আগে মামলাটিকে চ্যালেঞ্জ করে তার করা রিটটিও খারিজ করে দেন উচ্চ আদালত।

দুর্নীতি দমন কমিশনের করা মামলার কার্যক্রম স্থগিত চাওয়ার পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে রুল চেয়ে বদি আবেদনটি করেছিলেন গত মাসে। আদালতে তার পক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা।

বদির আরেক আইনজীবী প্রবীর হালদার বলেন, “আমরা রুল চেয়েছিলাম, আদালত ‘এর পক্ষে যুক্তগ্রাহ্য কারণ নেই’ মনে করে আবেদনটি ফেরত দিয়েছেন। এখন অন্য আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।”

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আদালত সাংসদ বদির আবেদন ফেরত দেওয়ায় এখন মামলা পরিচালনায় আইনগত কোনো বাধা নেই। আগামী ২৭ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে বলে জানান তিনি।

গত ১ অক্টোবর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে বদির আইনজীবীদের করা রিট উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট।

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য বদির বিরুদ্ধে মামলাটির বিচার কার্যক্রম চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে। গত ৮ সেপ্টেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

৫ জানুয়ারি নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দেয়া সম্পদের তথ্য বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছিলেন বদি। অনুসন্ধানে এ অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ায় গতবছরের ২১ অাগস্ট দুদকের উপপরিচালক আব্দুস সোবহান ঢাকার রমনা থানায় এই মামলা করেন।

আরও পড়ুন