মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, মুন্সীগঞ্জের লৌহজং থেকে গাঙচিল পরিবহনের ওই বাসটি ঢাকা যাচ্ছিল। পথে সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।


